সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ চলচ্চিত্র দিয়ে বলিউডের গন্ডি পেরিয়ে বিরাট সাফল্য পেয়েছেন ভারতীয় পরিচালক বিধু বিনোদ চোপড়া। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে কঠিন সংকল্প দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করে মনোজ কুমার শর্মার আইপিএস হওয়ার গল্প উপন্যাস থেকে পর্দায় নিয়ে আসেন তিনি। তুমুল জনপ্রিয়তা পায় চলচ্চিত্রটি।
বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া অবশ্য পুরোদস্তুর ক্রিকেটের। মুম্বাইয়ের অগ্নির এ বছর রঞ্জি অভিষেক হলো মিজোরামের হয়ে। আর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অগ্নি। সিকিমের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় মিজোরাম। এর মধ্যে ১৯ চার ৭ ছক্কায় ১৭৯ বলে ১৬৬ রান আসে শুধু অগ্নির ব্যাটেই।
ফলো অনে পড়া দ্বিতীয় ইনিংসেও ৭৪ বলে ৯২ রানের ইনিংস খেলেন অগ্নি। ১১ চার ও ১ ছক্কা হাঁকান ওই ইনিংসে।
ব্যাট হাতে দুর্দান্ত অগ্নির অবশ্য অভিষেক ম্যাচটা জেতা হয়নি। তবুও ক্রিকেটার হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছেন। বাবা-ছেলের সাফল্যের গাড়ি ছুটেই চলেছে।