শপথ নিতে বঙ্গবভনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শপথ নিতে প্রায় সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ইতিমধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন। বিকেল ৪টার পর থেকে বঙ্গভবনে আসতে শুরু করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে আছেন দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরাও।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবেন তারা।  বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি। শপথের পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ দুপুরে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

মন্ত্রী হলেন যারা

ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, মো. তাজুল ইসলাম, ড. হাছান মাহমুদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মো. ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, উবায়দুল মুক্তাদির  চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন যারা

সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, আলি আরাফাত, মুহিব্বুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলি, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।