মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তালিকায় থাকা নতুন চার মন্ত্রীর মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তাদের মধ্যে সাচিং প্রু জেরি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও শামীম কায়সার লিংকন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পওায়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাদের বাসায় পরিবহন পুলের গাড়ি পৌঁছে গেছে।
সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। বিশেষ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্তদের পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে।
এদিকে নতুন শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে বঙ্গভবনের দরবার হল এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব পদে ড. নাসিমুল গনির চুক্তির মেয়াদ বাড়াল সরকার