রান্নার একটি অপরিহার্য উপাদান কাঁচামরিচ। চেরা হোক বা বাটা— রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি মেলা ভার। কম ঝাল খান এমন মানুষও রান্নায় আলাদা গন্ধ ও ঝাঁজ আনতে অন্তত একটা গোটা কাঁচামরিচ রান্নায় দিয়েই থাকেন। রান্নার সময়ে কাঁচামরিচ না থাকলে বেশ সমস্যাই হয়। এমন ঝামেলায় যাতে পড়তে না হয়, তার জন্য কাঁচামরিচ বাড়িতে মজুত রাখেন অনেকেই। একসঙ্গে অনেকটা পরিমাণ কাঁচামরিচ কিনে রাখার অভ্যাস আছে অনেকেরই।
তবে এখানে একটি সমস্যা রয়েছে। কাঁচামরিচ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্ষায় এই সমস্যা যেন আরও বেশি করে দেখা যায়। তবে কয়েকটি উপায় জানা থাকলে দীর্ঘ দিন কাঁচামরিচ মজুত করে রাখতে পারেন।
১. বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না এমন কোনো পাত্রে কাঁচামরিচ রাখুন। এতে দীর্ঘ দিন সতেজ থাকবে।
২. কাঁচামরিচর বোঁটা ছিঁড়ে রাখুন। এতে কাঁচামরিচ সহজে পচে না। বোঁটা-সহ রাখলে কাঁচামরিচ পচে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।
৩. অ্যালুমিনিয়াম ফয়েলে যেকোনো কিছুই ভালো থাকে। লঙ্কা দীর্ঘ দিন ভালো রাখতে তাই কাঁচামরিচগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তুলে রাখুন।
৪. কাঁচামরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে কাঁচামরিচ পচে যেতে পারে। তাই কৌটায় কাঁচামরিচ ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছু দিন হলেও ভালো থাকবে।