দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বছর ২৯৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৩ সালে বিভিন্ন ধরনের অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমোট ২৯৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় ৬১৮টি বিভিন্ন প্রকার দেশী/বিদেশি অস্ত্র, ১০৩টি ম্যাগাজিন, ১ হাজার ৩৬২ রাউন্ড গোলাবারুদ ২ হাজার ১৩৪টি বিভিন্ন ধরনের ককটেল, বোমা, গ্রেনেড এবং ৫৯.৫৩ কেজি বিস্ফোরক।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর হতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। অদ্যাবধি রাজধানীর ঢাকা ও সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে সর্বমোট ১৯ হাজার ৭৫৫টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ২ লাখ ৫৯ হাজার ৭০৩ রাউন্ড গোলাবারুদসহ সর্বমোট ১৪ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয় রকেট লঞ্চার, গ্রেনেড, বিভিন্ন প্রকার শেল, ককটেল ও গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিট ফোর্স র্যাবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি র্যাবের চলমান আভিযানিক কর্মকাণ্ডেরই একটি অংশ। র্যাব সশস্ত্র অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। দেশের সন্ত্রাস কবলিত এলাকা সমূহে র্যাব এর অভিযানের ফলে জনগণ শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠার পর হতে অদ্যবধি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপোষহীন এবং নিরলস গ্রেপ্তার অভিযান চলমান রেখেছে।