রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিন উপবাসে থাকবেন মোদি

রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি।

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন তিনি। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।

আজ শুক্রবার থেকে তিনি এ উপবাস শুরু করেছেন। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত উপবাস থেকে হাজির হবেন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। অডিও বার্তায় নরেন্দ্র মোদি অনুষ্ঠানটিকে একটি ‘ঐতিহাসিক ও শুভলক্ষ’ হিসাবে বর্ণনা করেছেন। এ ছাড়া এই অনুষ্ঠানের ‘সাক্ষী হতে পেরে’ তিনি গর্বিত বলেও জানিয়েছে।