বগুড়ায় ট্রাফিক পুলিশকে মারপিট বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় ইজিবাইকচালক বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী এলাকার সাইদুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে রিমন প্রামাণিক ওরফে ইমন।

শরাফত ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠাচ্ছিলেন। কনস্টেবল মিলন অটোরিকশাটি সরিয়ে নিতে বললে রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং একপর্যায়ে মিলনকে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মারেন। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়।