কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা (জিপি) তোলা বন্ধ করে দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। নির্বাচনের পরদিনই তিনি ঘোষণা দিয়ে উপজেলার শতাধিক স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করে দেন। এমন ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চালক ও সাধারণ যাত্রীরা।
স্থানীয়রা জানান, ১০ বছর ধরে সংসদ সদস্যের নাম ভাঙিয়ে উপজেলা সদর, কোম্পানীগঞ্জ, রামচন্দ্রপুর, ইলিয়টগঞ্জ, বাখরাবাদ, নহুল চৌমুহনী, কৃষ্ণপুর বাজার, শ্রীকাইল, বাঙ্গরা বাজারসহ উপজেলার শতাধিক স্ট্যান্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। পরে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী জাহাঙ্গীর আলম ভোটের পরদিনই সব অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করতে মুরাদনগর এবং বাঙ্গরা বাজার থানার ওসিকে নির্দেশ দেন।