রেললাইনের স্লিপার-পিন খুলে নেওয়ার সময় যুবক আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নিয়ে যাওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামে এক দুষ্কৃতকারীকে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করেছে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা। তার বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, আশিকুর রহমান আশিক সকাল সাড়ে ৯টার দিকে ঢাকান্ডময়মনসিংহ রেলপথের বাসুটিয়া এলাকা থেকে রেললাইনের স্লিপার ও নাট খুলে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের চোখে পড়ে। এ সময় আশিক দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা তাকে আটক করে গফরগাঁও জি আর পি পুলিশে খবর দেয়। আশিকের কাছ থেকে পাঁচটি পিন উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকনের উপস্থিতিতে আশিককে জি আর পি পুলিশে সোপর্দ করা হয়।

শামসুল আলম খোকন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং আনসার সদস্যদের সহযোগিতায় আটক আশিককে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করি।’

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে ময়মনসিংহে পাঠানো হয়েছে।