মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নান্দাইলবাসী

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ময়মনসিংহের নান্দাইল সংসদীয় আসনে কেউ মন্ত্রীর দায়িত্ব পেলেন। এর আগে এ আসনে কেউ উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা পূর্ণ মন্ত্রিত্বের কোনোটাই পাননি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হওয়া মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পেলেন তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। মেজর জেনারেল (অব.) আবদুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আবদুস সালামের মন্ত্রিত্বের শপথ নেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন নান্দাইলবাসী। দলমত নির্বিশেষে উপজেলার লোকজন বাজি ফুটিয়ে করেছেন আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আব্দুল ওয়াহেদ ও নূরজাহান দম্পতির দ্বিতীয় সন্তান। ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি রসুলপুরে জন্মগ্রহণ করা আবদুস সালাম বেসামরিকভাবে পাঞ্জাব থেকে বিএ পাস করেন। পরে অর্জন করেন সামরিক পিএসসি এবং আরসিডিএস যোগ্যতা।

আবদুস সালাম চিটাগং হিলট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টেগ্রেটেড মাউন্টেইন ডেভেলপমেন্টের (ওঈওগঙউ) ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ ও ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

আবদুস সালাম ৩৩ বৎসর সামরিক চাকরির পর ১৯৯২ সালে মেজর জেনারেল পদ থেকে অবসরপ্রাপ্ত হয়ে ৫৪ বৎসর বয়সে ১৯৯৬ সালে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এখন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

এ ছাড়া তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্যের দায়িত্বও পালন করেছেন। ১৯৯৬ সালের পর থেকে একটানা নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। দেশের ক্রীড়াঙ্গনেও তার পদচারণা রয়েছে।

মেজর জেনারেল (অব.) আবদুস সালাম এবার ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে নিজের সংসদ সদস্যের পদ পুনরুদ্ধার করেন।

নান্দাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আবদুস সালাম মন্ত্রীত্ব পাওয়ায় ইতিহাসের অনন্য উচ্চতায় স্থান পেল নান্দাইল।