দুর্ঘটনায় চালক ও গাছ থেকে পড়ে দিনমজুর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় ও গাছ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কুমিরার মহাসড়কে দুর্ঘটনায় শাহীন মোল্লা (৩২) ও গাছ থেকে পড়ে সৈয়দপুর ইউনিয়নের বাকখালি গ্রামের নজরুল ইসলাম (৫০) নিহত হন।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সন্দীপ ফেরিঘাট সড়কের মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক অপর একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক শাহীন মোল্লা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহিন মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, এঘটনায় মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে অপর ঘটনায় সৈয়দপুর ইউনিয়নের বাকখালি গ্রামে সকাল ৭টার দিকে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নিহত হন। তিনি একই গ্রামের মৃত কেনু মিঞার ছেলে।

বাকখালি ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, নজরুল ইসলাম দিনমজুর ছিলেন। বাড়ির পাশে একজনের ছোট একটি গাছের ডাল কাটছিলেন তিনি। ডাল কাটা শেষ করে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, গাছ থেকে পড়ে ও সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।