ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস (দীপু সানা)-এর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ২০০৬-০৭ সেশনের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের (ব্রিজ) আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন থেকে দীপান্বিতার বন্ধু ও সহকর্মীরা তার মৃত্যুর সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার, তার সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়া এবং পরবর্তীতে রাস্তাঘাটে মানুষের যেন এমন মৃত্যু না হয় সে দাবি জানান।
দীপান্বিতার বন্ধু ও সহকর্মী রাসেল মাহমুদ বলেন, এটি শুধুই মৃত্যু নাকি হত্যাকাণ্ড সেটা আমরা জানি না। বলা হয়েছে উড়াল সড়কের ওপর থেকে নাকি একটি ইট পড়ে তিনি মারা যান। এটা কিভাবে সম্ভব যে আমি কর্মক্ষেত্রে যাচ্ছি কিন্তু বাসায় ফিরতে পারব না? রাতে দীপান্বিতার সন্তান মায়ের জন্য বাসায় অপেক্ষা করছিল। সে তার সন্তানের জন্য চিড়ের মোয়া কিনে নিয়ে যাচ্ছিলেন কিন্তু রক্তে ভেজা মোয়া ছেলে খেতে পারেনি। আমাদের সন্তানরাও বাসায় আমাদের জন্য সব সময় অপেক্ষা করে। আমরা নিশ্চিত হতে পারি না বাসায় ফিরে আমাদের সন্তানের সাথে মিলিত হতে পারব কি-না। আমরা চাই না রাস্তাঘাটে ডাল ভেঙে, ইট পড়ে মানুষের মৃত্যু হোক। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রয়োজন হলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচারের জন্য।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিনাত হুদা বলেন, আমরা যেই যাপিত জীবন চাই এটা এমন নয়। আমরা একটি সুন্দর জীবন পরিচালিত করতে চাই যেখানে স্বাভাবিক মৃত্যু রয়েছে। আমার সন্তানসম শিক্ষার্থী দীপান্বিতা অফিস শেষে বাসায় ফিরতে পারেনি। এই কথাটি আমাদের মন রক্তাক্ত করেছে, যেমনটা রক্তাক্ত হয়েছে বাচ্চার জন্য নেওয়া মোয়াগুলো। আমাদের মনে ক্ষত সৃষ্টি হয়েছে তার সন্তানের কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে।
তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের এতদূর এগিয়ে যাওয়া যেখানে অনেক কষ্টকর, সেখানে দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কাজ করছিল। সে দুটি পরিবারকে সামলে নিচ্ছিল সুন্দরভাবে। কিন্তু এই নৃশংস ঘটনা দুটি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে, আমাদেরকেও স্তব্ধ করেছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দীপান্বিতার মৃত্যুর সাথে জড়িতদের বিচার হোক এবং তার সন্তান ও পরিবারের দায়িত্ব যেন সরকার নেয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই আশাবাদ রাখছি।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. ওহিদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সহকর্মী মীনাক্ষী, বন্ধু বিজয় আহমেদ, আল রফিক জয় প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। ঘটনার পরে রমনা থানা পুলিশ জানায়, মৌচাকে ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।