ফাইনালের আগে আনচেলত্তি বললেন

রিয়াল বদলা নেওয়ার জন্য খেলে না

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গেল বছর বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। আগামীকাল ফের সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। তার আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, রিয়াল বদলা নেওয়ার জন্য খেলে না।

লা লিগায় এই মৌসুমে রিয়াল আছে শীর্ষে। বার্সেলোনা তিনে। মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। সুপার কাপ শিরোপা জয়ের বিষয়ে আনচেলত্তি বলেন, 'আমরা মৌসুমে প্রথম শিরোপা জয়ের কাছে আছি। জিততে সর্বাত্মক চেষ্টা করব। ক্লাবের জন্য এই শিরোপা গুরুত্বপূর্ণ। ক্লাসিকোতে কেউই ফেভারিট না। ছোট কিছু বিষয়ই পার্থক্য গড়ে দেবে।'

গেল মৌসুমের ফাইনালে হারের বদলা নেবে কিনা রিয়াল এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেন, 'রিয়াল মাদ্রিদ বদলা নেওয়ার জন্য খেলে না। এই জার্সির সম্মানের জন্য রিয়াল পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতাকে সম্মান করি। আমাদের আগেও তারা হারিয়েছে। তবে আমরা সব সময়ই ক্ষুধার্ত শিরোপার জন্য।'

১২ বার স্প্যানিশ সুপার কাজের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৪বার এই শিরোপা জিতেছে বার্সেলোনা।