স্প্যানিশ ফুটবলে একের পর এক বর্ণবাদী আচরণ, প্রতিপক্ষ সমর্থকদের দুয়ো এবং শৃঙ্খলা কমিটির কঠোর শাস্তির মুখে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়ে পড়ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্লাবের প্রতি ভালোবাসার টানে নিজের মুখে হাসি বজায় রেখেছেন তিনি। তবে স্বস্তিটা কি আছে আদৌ?
গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে চুল ধরে টান দেওয়ার অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন ২৬ বছর বয়সী এই তারকা, যার ফলে আসন্ন এল ক্লাসিকোতেও নামা হচ্ছে না তার। ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে চলতে থাকা এমন একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মানসিক চাপের প্রসঙ্গে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি যদি ভিনিসিয়ুসের জায়গায় থাকতেন, তবে এই গ্রীষ্মেই স্পেন ও রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতেন।
লা লিগায় সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের লড়াই ও মানসিক শক্তির প্রশংসা করে রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো বলেন, ‘ও অত্যন্ত চমৎকার একজন ছেলে, যার সাথে খুব সহজেই ভালো সম্পর্ক তৈরি করা যায়। ও এক কথায় দারুণ এক তরুণ। প্রতিদিন এত কিছুর মধ্য দিয়ে গিয়েও বেঁচে থাকা, টিকে থাকা এবং মুখে হাসি ধরে রাখার জন্য ওকে অনেক বড় কৃতিত্ব দিতে হয়। ওর জায়গায় আমি হলে সম্ভবত এখানে আর থাকতামই না। গেল গ্রীষ্মেই আমি এমন কোনো লিগ বা দেশে চলে যাওয়ার চেষ্টা করতাম, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব ও স্টেডিয়ামের দর্শকেরা অন্তত তাকে সম্মান জানাতে জানে।’
প্রতিপক্ষের প্রতিনিয়ত বর্ণবাদী আচরণ সত্ত্বেও ভিনিসিয়ুস সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। মরিনহোর মতে, মাদ্রিদ শহর এবং ক্লাবের প্রতি গভীর অনুরাগের কারণেই ভিনিসিউস বারবার অপমান সয়েও থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মরিনহো স্পষ্ট করে আরও যোগ করেন, ‘যেহেতু সে রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, শহরটাকে ভালোবাসে এবং বিশ্বাস করে পরিস্থিতির উন্নতি হবে; তাই সে চুক্তি নবায়ন করেছে এবং হাসি বজায় রেখেছে। কেউ হয়তো তাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাবিত করতে পারে কারণ সে মানুষ, কিন্তু তার জীবনের আনন্দ, কাজ করার স্পৃহা কিংবা সতীর্থদের সঙ্গে থাকার অনুভূতি কেউ কেড়ে নিতে পারবে না।’
সংবাদ সম্মেলনে শুধু ভিনিসিয়ুস ইস্যুই নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির প্রতিও ক্ষোভ উগরে দেন পর্তুগিজ এই ট্যাকটিশিয়ান। চার ম্যাচের নিষেধাজ্ঞাকে মরিনহো কিছুটা স্বস্তির মনে করলেও কটাক্ষ করে বলেন, নেপথ্যে থাকা কিছু অদৃশ্য হাত হয়তো তাকে আরও দু-এক ম্যাচের অতিরিক্ত শাস্তি দিতে চেয়েছিল।
একই সাথে রিয়াল মাদ্রিদের রেফারিং সংক্রান্ত অবস্থানকে ঘিরে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও নাৎসি প্রচারণার সঙ্গে তুলনাকেও কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন রিয়াল বস। পুরো ঘটনাকে অপ্রত্যাশিত উল্লেখ করে ক্লাবের সম্মান ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
চলতি মৌসুমে বার্সেলোনার চেয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিউসকে ছাড়া এল ক্লাসিকোতে নামা বড় ধরনের ধাক্কা। তবে মরিনহো মনে করছেন, এই কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর মতো মানসিক দৃঢ়তা ভিনিসিউসের রয়েছে।
সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন, ওয়ানডের ১৮তম অধিনায়ক হৃদয়