প্রেমিকের শিশুকন্যাকে নেইলপলিশ রিমুভার খাইয়ে হত্যা

প্রেমিকের শিশুকন্যাকে নেইলপলিশ রিমুভার, ব্যাটারি ও স্ক্রু খাইয়ে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। এরইমধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তে বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডের রোমহর্ষক তথ্য।  

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ২০ বছরের তরুণীর নাম আলেসিয়া ওয়েনস। তার সম্পর্ক ছিল বেইলি জেকোবির সঙ্গে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না জেকোবি। আদালতে সরকারি আইনজীবী জানান, ২০২৩ সালের ২৫ জুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটান আলেসিয়া।

মেয়ে অসুস্থ জানতে পেরে দ্রুত নিউ ক্যাসেলের বাড়িতে ফিরেছিলেন জেকোবি। শিশুটিকে হাসপাতালেও ভর্তি করা হয়। যদিও চার দিন পরে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির। ময়নাতদন্ত করে তদন্তকারীরা বুঝতে পারেন শিশুর রক্তে রয়েছে বিষাক্ত এক ধরনের কেমিক্যাল। যা আসলে নেইলপলিশের রিমুভার। এছাড়াও ছিল ব্যাটারি ও স্ক্রু।   

প্রাথমিক খুনের কথা অস্বীকার করলেও আলিসার ফোন ঘেঁটে তার সংশ্লিষ্টতার বিষয়টি আরও স্পষ্ট হয়।  দেখা যায়, ওই খুনের আগে বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে এমন পদার্থ খুঁজছিলেন তরুণী, যা মানব শরীরে বিষের মতো কাজ করবে।  এই হত্যাকাণ্ডের জন্য আদালতের কাছে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সরকারি আইনজীবীরা।