লিমনের মরদেহ ঢাকার পথে 

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:৩২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বহনকারী বিমানটি রওয়ানা দেয়। দুবাই হয়ে সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ০৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মরদেহ প্রেরণের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ। এর আগে, গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিস্থ কনস্যুলেট জেনারেল মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রবাসী এবং পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া শেষ করার সর্বাত্মক চেষ্টা চালায়।

উল্লেখ্য, নিহত লিমনের জানাজার নামাজ গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লিমনের নিকটাত্মীয়, মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি এবং স্থানীয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। লিমনের অকাল মৃত্যুতে জানাজাস্থলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃষ্টির পরিবারের সম্মতি পাওয়ার পর মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর জন্য পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। বর্তমানে ওয়াশিংটন দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট একযোগে বৃষ্টির মরদেহ দেশে ফেরানোর আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত