সম্প্রতি দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপে ক্ষমতার পালাবদল ঘটেছে। নিরাপত্তা-পর্যটন শিল্পে ভারত নির্ভর দেশটিতে ভারতের প্রভাব হটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মুইজ্জু ছিলেন দেশটির রাজধানী মালের মেয়র। এখন মুইজ্জু যখন প্রেসিডেন্ট, তখন মালের মেয়র নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ভারতপন্থী দল হিসেবে পরিচিত মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির ( এমডিপি) নেতা আদম আজিম।
শনিবার (১৩ জানুয়ারি) মালদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন এমডিপির প্রার্থী আজিম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালদ্বীপের মিডিয়া আজিমের জয়কে 'ভূমিধ্বস' এবং 'বড় ব্যবধানে জয়' বলে উল্লেখ করেছে। এমডিপি নেতা আজিমের এই পদে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু নিজেই। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মেয়রের পদ থেকে সরে যান তিনি।
রাজধানীর মেয়র নির্বাচনে আজিমের বিপরীতে পিএনসির প্রার্থী ছিলেন, আইশাথ আজ়িমা। ভোটগ্রহণের পর ৪১টি ব্যালট বক্স গণনা করে দেখা যায় আজিম পেয়েছেন ৫ হাজার ৩০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এর আইশাথ আজিমা শাকুর পেয়েছেন ৩ হাজার ৩০১ ভোট পেয়েছেন।
এদিকে ক্ষমতা গ্রহণের পর থেকেই একেক পর এক ভারতবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আছেন মোহাম্মদ মুইজ্জু। শনিবার চীন সফর শেষে দেশে ফিরে তিনি নাম না করে ভারতকে বলছেন, 'আমাদের ধমক দেয়ার লাইসেন্স কারও নেই'।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের তিন মন্ত্রী বিতর্কিত পোস্ট করেন। সেটি ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় ক্রমবর্ধমান কূটনৈতিক বিবাদ। পরে বহু ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে 'বয়কট মালদ্বীপ' ক্যাম্পেইন করছে। যদিও অবমাননাকর মন্তব্যের জেরে মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার।