ভারতে বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট দুজনই নিহত হয়েছেন।

পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজন ছিলেন প্রশিক্ষণার্থী পাইলট, আর অন্যজন ছিলেন প্রশিক্ষক।

নিহতদের মধ্যে একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অন্যজন কর্ণাটকের অভিষেক পূজারী। সকাল সাড়ে ১১টায় কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করার পর সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, আমরা প্রশিক্ষক সম্পর্কে তথ্য পেয়েছি। তার প্রায় তিন হাজার ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। ডিজিসিএ-কে জানানো হয়েছে। তাদের দল ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। পুলিশ পুরো এলাকাটি নিরাপত্তার আওতায় নিয়েছে।

জরুরি সেবা সংস্থা ও পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে ফেলেন। ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে আনা এই বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিওতে ডানা এবং অন্যান্য অংশ ভেঙে চুরমার হয়ে যেতে দেখা গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত