খুলনায় বাড়ছে শীতজনিত রোগ, শিশু বিভাগে ভর্তি ২৫০

সারাদেশের মতো খুলনায়ও জেঁকে বসেছে শীত। শীতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে শীতজনিত রোগীর চাপ বাড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, রবিবার (১৪ জানুয়ারি) খুলনায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতে বেড়েছে শিশুদের রোগ। খুলনা শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইমতিয়াজ আহমেদ জানান, শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা শিশু হাসপাতালে অসুস্থ শিশুদের চাপও বেড়েছে। রবিবার বহির্বিভাগে ৬৫০ থেকে ৭০০ রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বিভাগে ২৫০ এর বেশি শিশু রোগী ভর্তি রয়েছে।

তবে শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। নগরীর রেলস্টেশন ও ফুটপথগুলোতে ছিন্নমূল মানুষদের কম্বল মুড়িয়ে থাকতে দেখা গেছে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পায়ের মোজা, টুপি, মাফলার, জ্যাকেটের চাহিদা বেড়েছে।

রিকশাচালক আলমাস জোর্দ্দার বলেন, শীতে অবস্থা কাহিল। সারাদিন তেমন সূর্যের মুখ দেখাই যাচ্ছে না। কিন্তু পেট তো বাঁচাতে হবে। তাই রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি। কিন্তু গত কয়েকদিন আয় কমে গেছে। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে।