‘কেন আমরা এ বছরের চারটি শিরোপাই জেতার স্বপ্ন দেখব না?’ ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে প্রথম দিন অনুশীলনে নেমেই গণমাধ্যমের সামনে এ কথা বলেন সুয়ারেজ। লুইজ সুয়ারেজ, ইন্টার মায়ামিতে যোগ দেওয়া সাবেক বার্সেলোনা ফুটবলারদের মধ্যে সবশেষ সংযোজন। যার শুরু লিওনেল মেসিকে দিয়ে। এরপর সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। অমন প্রশ্ন করতেই পারেন সুয়ারেজ। ক্লাব ফুটবলে এই চারজনের সম্মিলিত অভিজ্ঞতা যে ৩ হাজার ৪৯ ম্যাচের।
উরুগুয়ের এই স্ট্রাইকার লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন ২০১৪ সালের জুলাইয়ে। বার্সার ওই স্কোয়াডে তৃতীয় অধিনায়ক ছিলেন লিও মেসি। বুসকেটস ছিলেন চতুর্থ অধিনায়ক। ছিলেন ২০১২ সালে বার্সায় যোগ দেওয়া জর্দি আলবাও। সেই থেকে ২০২২ সাল পর্যন্ত ৬টি বছর একসঙ্গে খেলেছেন তারা। বোঝাপড়াটা কোন পর্যায়ে পৌঁছেছে তা আঁচ করতে মায়ামির হয়ে অনুশীলনের ২০ মিনিটের দিকে তাকানোই যথেষ্ট। একসঙ্গে তারা জিতেছেন ৪টি করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা, ২টি করে স্প্যানিশ সুপার কাপ ও কাতালান সুপার কাপ, ১টি করে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ।
সুয়ারেজ কাল জানান, বার্সেলোনায় সবার সঙ্গেই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার নিজের সেই স্বপ্ন তো পূরণ হয়ইনি, হয়নি লিও মেসিরও। ২০২০ সালে সুয়ারেজ বার্সা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পরের বছরই স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান মেসি। ২০২৩ ও ২০২৪ সালে বার্সা ছেড়ে আসেন বুসকেটস ও আলবা। বছর চারেক পরে এ চারজন আবার যখন এক হয়েছেন বড় স্বপ্নে বুক বাঁধাটাই তো স্বাভাবিক।
মায়ামির হয়ে প্রথম অনুশীলনের দিন দলের সবার সঙ্গে সুয়ারেজকে পরিচয় করিয়ে দেন লিওনেল মেসি। কাগজে-কলমে এই চারজনের একসঙ্গে মায়ামি অভিযাত্রা শুরু হয়ে গেছে। ময়দানে লড়াইয়ের অংশটুকু শুরু হবে ২০ জানুয়ারি, এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। আর তার পর এই চারের চোখ থাকবে এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং ইউএস ওপেন কাপ চার শিরোপার দিকে।
মেসি-সুয়ারেজ-বুসকেটস-আলবার একসঙ্গে ছয় বছরের বার্সা অধ্যায়ে সব মিলিয়ে নিদেনপক্ষে ৩০৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ছয় বছরে তারা শিরোপা জিতেছেন ১৫টি। ফুটবলীয় বোঝাপড়া আর দলগত সমন্বয়ে এরা অতুলনীয়। স্কোয়াডে থাকা ড্রেক ক্যালেন্ডার, লিওনার্দো কাম্পানা, নিকোলাস স্তেফানেলি, ফাকুন্দো ফারিয়াস, ডাভিদ রুইজ, রবি রবিনসন, দিয়ান্দ্রে ইয়েদলিনদের সঙ্গে গুরু তাতা মার্তিনোর দর্শন মিলিয়ে যুক্তরাষ্ট্রে ‘হেরনস’দের থামাবে সাধ্যি কার?
একসঙ্গে তারা জিতেছেন ৪টি করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা, ২টি করে স্প্যানিশ সুপার কাপ ও কাতালান সুপার কাপ, ১টি করে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ।