চাঁদপুরে ৮৫ মণ জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদী থেকে ৮৫ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে জাটকার সাথে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ অভিযানে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ইশানবালাগামী কাঠবডি ট্রলার এসব জাটকাসহ আটক করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশন হিসেবে রবিবার সন্ধ্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদরে যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচরের ঈশানবালার কাছাকাছি পরিবহনরত ট্রলার হতে ৩৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জাটকার সাথে থাকা মালিক ট্রলার রেখে পালিয়ে যায়।

রাতেই জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।