হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে আজও শীত পড়েছে কোমর বেঁধে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া অফিসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে, গতকাল রবিবার ও শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের আবহাওয়া কয়েক দিন থাকতে পারে।
টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়া দিনাজপুর জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে অধিকাংশ জায়গা। সেই সাথে বাড়ছে শীতল বাতাসের মাত্রা। তীব্র শীতের ফলে খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। টানা ৫ দিন ধরে এ জেলায় রোদের দেখা নেই। দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এই তীব্র শীতে কয়েকটি বেসরকারি ব্যাংক ও কয়েকটি সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। অসহায় শীতার্তরা শীতবস্ত্রের অপেক্ষায় রয়েছেন।