আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের সিংহাসনে বসেছেন রাজা দশম ফ্রেডরিক। দীর্ঘ ৫২ বছর রাজদায়িত্ব পালনের পর রাণী মার্গারেট গত ১ জানুয়ারি রাণীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে দশম ফ্রেডরিককে তার স্থলাভিষিক্ত করা হয়।
ফ্রেডেরিকের রাজ্যভিষেকে এক লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিল। ঐতিহাসিক সে মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার মানুষ কোপেনহেগেনের বিভিন্ন সড়কে জড়ো হন। খবর আল জাজিরা।
রোববার (১৪ জানুয়ারি) রাজধানী কোপেনহেগেনের ক্রিস্টিয়ানবোর্গ প্রাসাদে মন্ত্রীসভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হয়।
রাজ্যভিষেকের পর দশম ফ্রেডরিক জনতার উদ্দেশ্যে বলেন, আমার মা তার দেশের সাথে এক হয়ে উঠতে সফল হয়েছেন। আমার আশা তার ধারাবাহিকতা বজায় রাখা। এটা এমন একটি দায়িত্ব যা আমি সম্মান, গর্ব এবং আনন্দের সাথে গ্রহণ করি।
ডেনমার্কের ৯০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার কোনো রাজা বা রাণী স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছেন। জীবিত অবস্থায় সিংহাসন ছাড়ার ঘটনা ডেনমার্কে খুবই বিরল। রানি দ্বিতীয় মার্গারেটের আগে ১১৪৬ সালে স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন রাজা তৃতীয় এরিক। ওই সময় রাজ দায়িত্ব ছেড়ে তিনি একটি মঠে যোগ দিয়েছিলেন।