তিন বছর পর ফিরেই ম্যাচসেরা ম্যাথুস, ধুয়ে দিলেন সাবেক নির্বাচককে

টেস্ট দলের নিয়মিত মুখ হলেও সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেখা যায়নি। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার শেষ বলে গিয়ে পাওয়া রোমাঞ্চকর জয়ে অবদান রাখার পর এমন বলেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

কলম্বোতে গতকাল সিরিজের প্রথম ম্যাচে নতুন বলে ২ ওভার বোলিং করে ম্যাথুস দেন ১৩ রান। ব্যাটিংয়ে ৩৮ বলে ৪৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২০২১ সালের মার্চের পর প্রথমবারের মতো এ সংস্করণে খেলা সাবেক এই অধিনায়ক। ৩ উইকেটে পাওয়া জয়ে ম্যাচসেরাও তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটে ব্যাপক রদবদলের মধ্যে এসেছে নতুন নির্বাচক কমিটি, যার প্রধান সাবেক ওপেনার উপুল থারাঙ্গা। দলে সুযোগ পেয়ে প্রমদ্যা বিক্রমাসিংহের সাবেক নির্বাচক কমিটির সমালোচনা করেন ম্যাথুস।

তিনি বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শেষ দুই মৌসুমে আমি ব্যাটিং ও বোলিং ভালো করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপগুলোর দলে নেওয়া হয়নি। আমাকে কোনো কারণও বলা হয়নি। আপনি যদি অ্যাজেন্ডার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তাহলে এমন ঘটতে পারে। আমরা চ্যাম্পিয়নস ট্রফিতেও সুযোগ পাইনি।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের মধ্যে নবম হয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারায় শ্রীলঙ্কা। সে বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেন ম্যাথুস। গত বছর তিনি প্রায় দুই বছর বিরতি দিয়ে ফিরেছিলেন ওয়ানডে দলে। সীমিত ওভারে সুযোগ না পেলেও এ সময়ে টেস্টে ছিলেন তিনি।

ম্যাথুস বলেছেন, এখনো খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থানে আছেন তিনি, ‘আমি কিন্তু একটা জিনিসে বিশ্বাস করি, যদি আপনি অনুশীলন ও খেলা মন দিয়ে করেন, আপনি নিজের জন্য এমন একটা আবহ তৈরি করতে পারবেন, যেখানে পারফর্ম করা যায়। গত দুই বছরে আমি নিজের প্রচেষ্টা বাড়িয়েছি। আমার মনে হয় আরেকটু খেলতে পারব।’

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সিরিজে নতুন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার অধীন খেলছে শ্রীলঙ্কা।