অভিনেত্রী শাহনাজ খুশির ছেলেরাই মেয়ের অভাব পূরণ করছেন। এমনটাই জানালেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে জানালেন, ছেলেরাই শাড়ির কুচি ঠিক করে দেয়, লিপস্টিক ঠোঁটের বাইরে চলে গেলে সেটা মুছে দেয়। এসব ভীষণ আনন্দের মুহূর্ত তার কাছে।
জনপ্রিয় এই অভিনেত্রী ফেসবুকে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ঠোঁটের লিপস্টিক সরে যাওয়ায় ছেলে সেটি মুছে দিচ্ছে।
খুশি বলেন, শাড়ি পরা এবং সাজসজ্জ্বার বিষয়ে আমি বিলাসী নই এবং এর জন্য অনেক সময় কখনই ব্যয় করিনি। শাডড়িটা বের করা থাকলে, সেটা পরে,একটু কাজল লিপস্টিক ব্যস। কিন্তু শাড়ি মানেই একটু কুচি মানে ভাঁজ গুলো ঠিক করা, একটু আঁচল টেনে পেছন দিকে সেপটিপিন লাগানো, এগুলো তো লাগবেই!
স্বামীর প্রতি সামান্য আক্ষেপ দেখালেন। বললেন, ওই ভদ্রলোক জীবনেও সেটাই সাহায্য করেনি। নিজে রেডি হয়ে গেটের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে, আর তাগাদা দেয়! পুত্র’রা এখন আমার সেই মিষ্টি এবং অতি প্রয়োজনীয় কাজ টুকু করে। শাড়ি পরতে শুরু করলেই না লাগলেও কুচি ধরতে বসে যায়! সেপটিপিন নিয়ে আমি তাদের হাতেই ধরিয়ে দেই। সাজার পরে তারাই আমাকে বলে দেয়, মা দাঁতে লিপস্টিক লেগে আছে!
ঘটনার সূত্রপাত উল্লেখ করে বলেন, সেদিন খাবার টেবিল থেকে ওঠার পর, আমার লিপস্টিক বাইরে লেগে গেলে সে অন্য পাশ থেকে দ্রুত এসে মুছে দিল! অথচ ভদ্রলোক কিন্তু সাথে থেকেও দেখেনি, বা দেখলেও করেনি? আমার এক জীবনের অনেক আফসোস তখন মুছে যায় এই ভেবে যে, আমার ছেলের পাশে যে মেয়েটা থাকবে, তার কোথাও বের হবার সময় আমার মতো সেপটিপিন হাতে বোকা হয়ে থাকতে হবে না! বুকের ভেতরে অভিমানের ধোঁয়া জমে কোথাও যাওয়ার আনন্দটা ম্লান হয়ে যাবে না!
অভিনেত্রী আর লিখেছেন, মানুষের জীবনের সব স্বপ্ন এক জীবনে পুরণ হয় না! বেশির ভাগই রয়ে যায় পরের প্রজন্মের হাতে! যা চলতে-ফিরতে কাকতালীয় ভাবে মিলে যায় গভীর ভাবে দেখা কোন নিগূঢ় স্বপ্নের সাথে।