স্কুলড্রেস পরে বন্ধুর বাড়িতে ছিনতাই!

নেত্রকোণা পূর্বধলা উপজেলায় একটি বাসায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী স্কুলড্রেস পরা ছিল বলে জানিয়েছেন ছুরিকাঘাতে আহত গৃহকর্তী। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ জালশুকা মাস্টারপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাননি তারা। তবে তারা রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।

ছুরিকাঘাতে আহত গৃহকর্তী নাজমা আক্তার জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। এ সময় এক কিশোর দরজায় এসে তার ছেলে সিয়ামের নাম ধরে ডাকছিল। ওই কিশোরকে সিয়াম বাসায় নেই বলে জানান তিনি। এক পর্যায়ে ঘরের দরজা খুলে দিলে ওই কিশোর বাসায় প্রবেশ করে। তার পরনে স্কুলড্রেস এবং মুখে মাস্ক ছিল। ওই কিশোর দাবি করে, সিয়ামের কাছে সে ২০০ টাকা পায়। নাজমা আলমারি খুলে টাকা দিতে গেলে সে তার গলায় ছুরি ধরে আলমারিতে থাকা টাকা নিয়ে চলে যায়।

এ সময় বাধা দিলে নাজমার হাতে ছুরিকাঘাত করে ওই কিশোর। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করা ছেলে সিয়ামের বন্ধু ও একই শ্রেণিতে পড়ে। সিয়াম এ ব্যাপারে মুখ খুলছে না। রহস্য উদঘাটনের চেষ্টা করছি।