নৌকায় ভোট দেওয়ায় গুলির অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের জিয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন জিয়ার ভাই আলতাফ হোসেন। তারা উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের মৃত কেঁদো শেখের ছেলে। 

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী হোসেন। তিনি বলেন, আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পুঙ্গ হাসপাতালে জিয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

জিয়ার ছোট ভাই ইয়ারুল দাবি করেন, নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১২ জানুয়ারি সকালে সাবেক মেম্বর খালেক ও তার তিন ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ভাইদের গুলি করে আহত করে। তার মধ্যে জিয়ার আজ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এ ঘটনায় আসামিদের নামে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ইয়ারুল।

এ বিষয়ে জানতে খালেক মেম্বর ও তার ছেলে রিপন আলীর ফোনে বারবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ১২ জানুয়ারি তিনি ফোনে জানিয়েছিলেন, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেছিল। সেজন্য তারাও প্রতিপক্ষকে পাল্টাধাওয়া দিয়েছিল। সেসময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গুলাগুলির কোনো ঘটনা ঘটেনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, মৃত্যুর খবর তিনি শুনেছেন। ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।