চট্টগ্রামের রাউজানে দুই দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার নাছির নামে এক যুবককে ৭-৮ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লুঙ্গি ও সাদা গেঞ্জি পরা রক্তাক্ত এক যুবক মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তার শরীর থেকে রক্ত মাটিতে গড়িয়ে পড়ছে। এ সময় ভিডিও ধারণকারী অজ্ঞাত এক ব্যক্তি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘কদলপুরবাসী দেখুন, নাছির বদ্দারকে ডাকাত আলম ওরফে আলিম এসে ৮টি গুলি করেছে।’
এর আগে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ির অদূরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় বিএনপির কর্মী কাইসারুজ্জামানকে (৩৬) গুলি করে হত্যা করা হয়। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে। পেশায় কৃষক কাইসারুজ্জামানের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। ওই দুই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সর্বশেষ ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন বিরোধে ২৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৬টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। এ সময় শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।
গাজার পথে সবচেয়ে বড় নৌবহর