লিওনেল মেসির সঙ্গে কাতার বিশ্বকাপ জিতেছেন থিয়াগো আলমাদা। তবে মেজর লিগ সকারে মেসির প্রতিপক্ষ তিনি। মেসি খেলেন ইন্টার মায়ামিতে, আলমাদা আটলান্টা ইউনাইটেডে। আলমাদার বয়স ২২ বছর। তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব–২৩ দলে খেলতে পারবেন। আর অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল খেললেও বেশি বয়সী তিনজন খেলতে পারেন। তাই আলমাদা অলিম্পিকে মেসিকে স্বাগত জানিয়ে রাখলেন।
ফ্রান্সের প্যারিসে এই বছরই অলিম্পিকের আসর। বাছাইপর্ব উতরাতে পারলে অলিম্পিক ফুটবলে এবারের আসরে খেলতে পারবে হাভিয়ের মাচেরানোর দল। মেসি যদি খেলেন অলিম্পিকে, তবে কেমন হবে— প্রশ্নটি সম্প্রতি করা হয়েছিল আলমাদাকে।
উত্তরে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, '(জাতীয় দলে) লিওনেল স্কালোনির কোচিং স্টাফ আমাকে জানিয়েছে যে আমি অলিম্পিক দলের পরিকল্পনায় আছি। এরপর আমি সরাসরি হাভিয়েরের (মাচেরানো, কোচ) সঙ্গে কথা বলেছি। এমনকি আমি এ নিয়ে এতুটুকুও ভাবিনি, সোজা হ্যাঁ বলে দিয়েছি। আমরা খুব ভালোভাবে কাজ করছি। আমাদের দলটি ভালো এবং অসাধারণ সব খেলোয়াড়ে ঠাসা। আশা করছি, আর্জেন্টিনাকে আমরা বাছাইপর্ব উতরে দিতে পারব। আমরা যদি মূল প্রতিযোগিতায় যেতে পারি এবং মেসি খেলতে চায়, তাকে স্বাগত।'
মেসি ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। ক্যারিয়ারের শেষ দিকে এসে মেসি আরেকবার অলিম্পিকে খেলবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে তার আগে আর্জেন্টিনাকে বাছাই পর্ব উতরাতে হবে।
বিশ্বকাপ জেতা আলমাদার আরও কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নের কথা জানিয়ে আলমাদা বলেছেন, তিনি ইউরোপের ক্লাবে খেলতে চান। তবে এই মুহূর্তে আলমাদার মনোযোগ অলিম্পিক গেমসের জন্য বাছাইপর্ব উতরানো।