ভোলায় ৩৫ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ডিম পাড়তে এসে কাদার চরে আটকে থাকা অবস্থায় প্রায় ৩৫ কেজি ওজনের বিরল প্রজাতির একটি অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ঈশ্বরগঞ্জসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কাদা চর থেকে কচ্ছপটি উদ্ধারের পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ নিয়ে গত ২১ দিনের ব্যবধানে একই প্রজাতির মোট তিনটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করে বন বিভাগ।

মনপুরা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার পূর্ব দিকে মেঘনা নদীর তীরবর্তী স্থানে চরে আটকে পড়া অবস্থায় স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ১০টায় হাজির হাট ইউনিয়নের চর জামশেদ এলাকার জংলার খালের পার্শ্ববর্তী মেঘনা নদীতে সুস্থ অবস্থায় কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, মনপুরায় ২১ দিনের ব্যবধানে এ নিয়ে পর পর তিনটি অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম উদ্ধার হওয়া কচ্ছপটি সামুদ্রিক ‘অলিভ রেডলে’ প্রজাতির কচ্ছপ বলে নিশ্চিত করেছে।