নির্বাচন নিয়ে নিত্যনতুন জালিয়াতি ফাঁস হচ্ছে: ফয়জুল করীম

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে নিত্য নতুন জালিয়াতি ফাঁস হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘এসব তথ্য ফাঁস করছেন সংশ্লিষ্ট দলের লোকজনই। নির্বাচনে চুরি ও প্রতারণার তথ্য ধামাচাপা দিতে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি ও শপথের আয়োজন করা হয়েছে। মন্ত্রীসভায় কে কোন মন্ত্রী পেল তা নিয়েও জনগণের কোন আগ্রহ নেই। এটা সরকারের জন্য লজ্জার।’

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

মুফতী ফয়জুল করিম বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রীসভা গঠনের পর পরই নিত্যপণ্যের প্রায় সকল পণ্যেরই দাম বেড়েছে বহুগুণ। শীতকালীন সবজি, আমনের মওসুমে প্রতি কেজি চালে ৫ থেকে ৮ টাকা বৃদ্ধি সাধারণ ও খেটে খাওয়া জনগণকে শঙ্কিত করে তুলেছে।’

নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকার দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে তিনি বলেন, ‘সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের বাজারব্যবস্থা। আর কোনো নিত্যপণ্যের ব্যবসাই এখন আর সিন্ডিকেটমুক্ত নেই। বাজারে সিন্ডিকেটের কারসাজি চলছে, অসৎ ব্যবসায়ীরা অসাধুপন্থা অবলম্বন করে অতি মুনাফা লুটছে কিন্তু দেখার কেউ নেই? বস্তুত সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে সরকার। বস্তুত অসৎ ব্যবসায়ী এবং বাজার সিন্ডিকেটের কারণে এদেশের বাজারে এখন অর্থনীতির সব সূত্র অকার্যকর হয়ে পড়েছে। নানা পদক্ষেপ গ্রহণের কথা বলে সান্তনা দেওয়া হলেও বাজারে সিন্ডিকেট এখনো রয়েছে বহাল তবিয়তে।’