কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার 

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে পাঠানো হয়। গতকাল রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৩ যুবক ও তাদের পরিবারের সদস্যসহ ৬ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন।

ওই  ছাত্রীর বাবা জানান, অভিযুক্ত যুবকরা নেশাগ্রস্ত ও তাস খেলে। গত বছরের ২৬ অক্টোবর মাদ্রাসা থেকে ফেরার পথে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আমার মেয়ের উপর জোরপূর্বক অত্যাচার চালায় তারা। এতে শুভ ইসলাম ও রিফাত সরাসরি জড়িত ছিলো। আর পাশ থেকে ভিডিও ধারন করে মুরাদ হোসেন। পরে তারা ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরিবারের সদস্যদেরকে মেসেজ আকারে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা করার পর অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।