গাড়ি হাইজ্যাক করে ইসরায়েলে তাণ্ডব চালালেন দুই ফিলিস্তিনি

ইসরায়েলের রা’আনানা শহরে গাড়ি হাইজ্যাক করে ছুরি হামলা চালিয়েছেন দুই ফিলিস্তিনি। এতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন এবং আরও ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজন শিশু ও কিশোর। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিম তীরের দুই ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলে তিনটি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজনদের নাম আহমেদ (২৫) ও মাহমুদ (৪৪)। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, অতীতে অবৈধভাবে তাদের দেশে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

এ বিষয়ে ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা আত্মীয়। তারা পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে অবস্থান করছিল। উভয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।