টিভি রিমোট নিয়ে দ্বন্দ্বের জেরে রুমমেট ডোমোনিক স্কট হেইসকে (২৭) গুলি চালিয়ে হত্যা করে ঘুমিয়ে পড়েছিলেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, ঘুম থেকে ওঠে গিয়েছিলেন একটি তামাকের দোকানে। বাড়ি ফিরে গাঁজা সেবন করেন তিনি। এরপর ঘরজুড়ে ছড়িয়ে থাকা শেলের খোসা পরিষ্কার করেন এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন।
এ সময় বন্ধুরা তাকে ৯১১ নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানাতে বললে তিনি রাজি হন। এভাবেই হত্যার ছয় ঘণ্টা পর নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, গ্রেপ্তারের পর গোয়েন্দাদের এসব তথ্য জানিয়েছেন অভিযুক্ত রিচার্ড বেনাফ (৩৮)।
প্রতিবেদনে বলা হয়, স্কট ও বেনাফ স্প্রিংডেলের বেরিউড লেনের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন। গত ১০ জানুয়ারি বেনাফ লিভিং রুমের সোফায় ঘুমাচ্ছিলেন। এ সময় স্কট রান্নাঘরে ‘প্রচুর শব্দ করে’ তাকে জাগিয়ে তোলেন এবং বারবার তার কাছে রিমোট কোথায় জানতে চান।
বেনাফের দাবি অনুযায়ী, তিনি তার কম্বল সরিয়ে দেখতে পান স্কট দুটি ছুরি হাতে দাঁড়িয়ে। স্কট তাকে বলেছিলেন, তিনি কিছু করবেন না কিন্তু সামনে এগোতে শুরু করেছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি সোফা থেকে লাফিয়ে হ্যান্ডগান নিয়ে স্কটকে গুলি করতে শুরু করেন। এ সময় স্কট তৃতীয় তলায় তার শোবার ঘরে চলে যান। সেখানে একাধিক বুলেটের চিহ্ন পেয়েছে পুলিশ।
বেনাফ আরও দাবি করেন, তিনি স্কটের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেননি। তাই ধরে নিয়েছিলেন কোনো গুলি তার গায়ে লাগেনি এবং তিনি ঘুমাচ্ছিলেন। অবশ্য স্কটের কোমরে লুকানো আরেকটি ছুরি খুঁজে পেয়েছে পুলিশ। বেনাফ বলেছেন, আত্মরক্ষার্থেই তিনি স্কটকে গুলি করেন।
প্রিন্স জর্জ কাউন্টি পুলিশ জানিয়েছে, দুপুরে খবর পেয়ে ওই বাড়িতে যায় তারা। সেখানে স্কটকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে ততক্ষণে ছয় ঘণ্টা পেরিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে। এ ঘটনায় বন্দুকের মালিকানা হারিয়েছেন বেনাফ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
টিভি রিমোট নিয়ে দ্বন্দ্ব, রুমমেটকে খুন করল যুবক
চলন্ত মোটরসাইকেলে চাদরের নিচে চুটিয়ে রোম্যান্স!
মোমোয় অতিরিক্ত চাটনি চাওয়ায় ক্রেতাকে কোপালেন বিক্রেতা!