সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি শ্রমিক আরাফাত খান অপুর (২৮) মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে তার মৃত্যু হয়।
অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
হোসেনপুর পৌরসভার ৪ ওয়ার্ড কাউন্সিলর শামীম খান প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের অভাব মোচনে অপু গত দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে যান বলে জানা গেছে।
প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শিশু সন্তানদের নিয়ে আমি কীভাবে বেঁচে থাকবো।
আরাফাত খান অপুর মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।