চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  ওই নারী মারা যান।

মৃত খালেদা বেগম (৪৭) রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা খালেদা বেগম গত ৩১ আগস্ট ডেঙ্গু উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর  ‘এনএস ওয়ান’ পজিটিভ শনাক্ত হয়।  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৮ জন রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১২, জেনারেল হাসপাতালে ১০, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাতজন রয়েছে।

চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৬ জন। সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম মৃত্যুটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে, দুইজন করে জুলাই ও আগস্টে এবং চলতি সেপ্টেম্বর মাসে একজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) মো. সাজেদুর রহমান বলেন, সম্প্রতি ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেড়েছে। আমরা ডেঙ্গু প্রতিরোধী সম্মিলিতভাবে কাজ করছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত