হেরোইন ও ইয়াবাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ।
গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয় কর্মচারীর নাম রবিউল ইসলাম রবি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পিয়ন পদে কর্মরত আছেন তিনি। তার সহকর্মীদের কাছ থেকে জানা যায় তিনি আগে থেকেই মাদকসেবী ছিলেন।
ওসি মোবারক পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আমরা তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছি। সে বর্তমানে জেল হাজতে আছে।
তার গ্রেপ্তারের ৮ দিন পার হলেও এ বিষয়ে জানেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক। চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ বলেন, সে কিছুদিন যাবৎ অনুপস্থিত। তার পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে সে অসুস্থ। এ বিষয়ে আমরা পরবর্তীতে খোঁজখবর নেব।
তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানেন না খোদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ ইনফর্ম করেনি। তবে বিষয়টা খোঁজখবর নিয়ে দেখছি।