রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকের গাড়ির ধাক্কায় মোসা. লিজা আক্তার নামে একটি ছাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত মোসা. লিজা আক্তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ও রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্ত গাড়ির চালক আবুল কালাম আজাদ রাবির পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন জানায়, বিকেল ৩টার দিকে ক্যাম্পাস থেকে ছাত্রী হলের সামনের রাস্তার পূর্বপাশ দিয়ে নিজ রুমে ফিরছিলেন মোসা. লিজা আক্তার। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসেন। পরে তাকে অর্থোপেডিক্সের ১নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পায়ে একটি জায়গা ভেঙে গেছে। বৃহস্পতিবার রাতেই তার অপারেশন সম্পন্ন হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এক্স-রের প্রতিবেদন অনুযায়ী তার পায়ের হাড় ভেঙে গেছে। তাকে রামেকেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে অধ্যাপক আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত