চট্টগ্রামে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার আবুল মঞ্জুর (৪০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩৭)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সুত্র জানায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আবুল মঞ্জুরের কাছ থেকে ৯০০ পিস এবং তার স্ত্রী নুরজাহান বেগমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা করে পুলিশ। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২২ সালের ১ মার্চ আসমিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।