পরিচিত নারীকে নিয়ে ঠাট্টা করায় বন্ধুকে খুন!

বন্ধুর সঙ্গে গল্প করছিলেন ২০ বছর বয়সী এক তরুণ। গল্পের মাঝেই এক নারীকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। আর সেটাই কাল হয়ে দাঁড়াল তার জীবনে। লাঠির আঘাতে বন্ধুর হাতেই মৃত্যু হলো তার। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের।

সংবাদ সংস্থা জানিয়েছে, মৃত তরুণের নাম দশরথ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে শুক্রবার জব্বলপুর থেকে ১০০ কিলোমিটার দূরে নেগুয়ান তোড়কা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দশরথ তার বন্ধু দুর্গেশের সঙ্গে গল্প করছিলেন। এর মধ্যে এক নারীকে নিয়ে হঠাৎ ঠাট্টা করেন তিনি। দশরথ জানতেন না, যে নারীকে নিয়ে আলোচনা করছেন তিনি দুর্গেশের পরিচিত। দশরথের এই ঠাট্টা মেনে নিতে পারেননি দুর্গেশ। অভিযোগ, দলবল নিয়ে বন্ধুকে পেটাতে যান দুর্গেশ।

পুলিশ জানিয়েছে, দশরথকে উদ্ধার করার জন্য তার বাবা এবং  অপর এক বন্ধু ঘটনাস্থলে গিয়েছিলেন। তারাও আক্রমণের শিকার হন। পরে গুরুতর আহতাবস্থায় নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় তিনজনকে। সেখানে দশরথের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দূরের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় দুর্গেশের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গেশ এবং তার অন্য এক সহযোগী পলাতক। তাদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।