ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে সেরা গোলের ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জেতেন গিলের্মি মাদ্রুগা। ক্লাব ফুটবলে অপরিচিত এই নাম খেলেন ব্রাজিলের দ্বিতীয় সারির ঘরোয়া ফুটবল লিগ সেরি ‘বি’ তে বোতাফোগা এফসি ক্লাবে। গত ২৭ জুন ক্লাবের ম্যাচে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ওভারহেড কিকে গোল করেন মাদ্রুগা। ওই গোলের সুবাদেই তিনি পেয়েছেন এ সম্মাননা।
বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে গিয়েছিল বোতাফোগো। বক্সের ভেতর থেকে প্রতিপক্ষ খেলোয়াড় হেডে বল ক্লিয়ার করলে সেটি বক্সের বাইরে চলে যায়। এরপর বল মাটিতে পড়ার আগে লেগে থাকা মার্কারকে ছিটকে সেখান থেকেই ওভারহেড কিক নেন মাদ্রুগা। গোলরক্ষক পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেই বলের নাগাল পাননি।
লন্ডনে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট পুরস্কার মঞ্চে ঘোষণা করা হয় মাদ্রুগার নাম। এর আগে ৯১ হাজার ফুটবল ভক্ত ও জুরিরা তার গোলটিকে নির্বাচিত করেন। মাদ্রুগা পেছনে ফেলেন ব্রাইটনের জুলিও এন্সিসকো ও স্পোর্টিং লিসবনের নুনো সান্তোসকে।