ফিফা দ্য বেস্ট: মেসি আর স্কালোনি যাদের ভোট দিয়েছেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

২০২৫ সালের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এই পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং তরুণ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালকে। কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানের পর প্রকাশিত হয়েছে নির্বাচকরা কাদের ভোট দিয়েছেন। এতে উঠে এসেছে লিওনেল মেসি ও জাতীয় লিওনেল স্কালোনির ভোটও।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ভোট দিয়েছেন যথাক্রমে- উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে এবং লামিনে ইয়ামালকে। অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি ভোট দিয়েছেন যথাক্রমে- কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি এবং লামিনে ইয়ামালকে। মেসি ও স্কালোনি দুজনেই এমবাপ্পেকে ভালোভাবে চেনেন। কাতার বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়েই ৩৬ বছর পর তারা বিশ্বকাপ জিতেছিলেন।

স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্টে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন পেদ্রিকে, দ্বিতীয় স্থানে লামিনে ইয়ামাল ও তৃতীয় স্থানে এমবাপ্পে। স্পেনের গোলরক্ষক উনাই সিমন প্রথমে লামিন ইয়ামালকে রেখেছেন, পরে পেদ্রি এবং তৃতীয় স্থানে রেখেছেন নুনো মেন্ডেসকে। পর্তুগালের প্রতিনিধি হিসেবে বার্নার্ডো সিলভা ভোট দিয়েছেন যথাক্রমে জাতীয় দলের সতীর্থ ভিতিনহা, নুনো মেন্ডেস এবং উসমান দেম্বেলেকে।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথম ভোট দিয়েছেন পিএসজির ভিতিনহাকে। এরপর তার ভোট পড়েছে দেম্বেলে ও ইয়ামালকে। রিয়াল মাদ্রিদে এমবাপ্পেকে কোচিং করানো সাবেক কোচ কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ উসমান দেম্বেলে। দ্বিতীয় স্থানে রেখেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে এবং এমবাপ্পেকে স্থান দিয়েছেন তিন নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত