বরিশালে আ. লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৭

বরিশালের হিজলা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন হাওলাদারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই পক্ষের মধ্যে আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের অনুসারী ও তার ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আম্মান হাওলাদার, মাসুদ সিকদার, মো. আনিচ, বরকত সিকদার। অপর পক্ষের হিরন হাওলাদারের অনুসারী আলমগীর হাওলাদার, সোলায়মান হাওলাদার ও সোয়েব হাওলাদার।

এ বিষয়ে হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার বলেন, সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। তাই আমরা স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পক্ষে কাজ করেছি। এ কারণে মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা বাতিল হওয়া ড. শাম্মীর অনুসারীরা আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

তার অভিযোগ, উপজেলার রেমিডি মেডিকেল সার্ভিসেস নামের ক্লিনিকে অন্তঃসত্ত্বা রোগীর অস্ত্রোপচারের জন্য রক্ত দিতে যান তার অনুসারী মাসুদ সিকদার। তিনি রক্ত দিয়ে বের হওয়ার পর হিরন হাওলাদারের অনুসারী সোলায়মান, আলমগীর ও লোকমানের নেতৃত্বে ৬/৭ জন তার ওপর হামলা করেন। তারা বেধড়কভাবে মাসুদ সিকদারকে মারধর করেছেন। খবর পেয়ে এনায়েত হাওলাদারের আম্মান হাওলাদার সেখানে যান। তখন তার ওপরও হামলা করেন হিরন হাওলাদারের অনুসারীরা। আর এ ঘটনায় হামলাকারীরা আম্মান, আনিচ ও বরকত সিকদারসহ ৬/৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযোগ সম্পর্কে বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন হাওলাদার জানান, সোমবার কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করেন। আজকের হামলার বিষয়ে কিছুই জানি না। ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুই পক্ষের হামলায় ৭ জন আহতর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ জানান, আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।