ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসানপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানান, ‘গত ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার নিহত হন। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলাম। ওইসময় আমাদের এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদের আবারও সড়কে বসতে হয়েছে।’

স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আবদুস সবুর বলেন, ‘ইতিমধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি অফিশিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শিগগির টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণকাজ শুরু করা হবে।’