সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে রাস্তা অবরোধ

রংপুর-কাকিনা সড়ক সংস্কারকাজে অনিয়মের প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলার হাবু পাঁচমাথা এলাকায় গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের হাবু পাঁচমাথা এলাকায় সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করে এলাকাবাসী।

জানা গেছে, রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি বুড়িরহাট-কাকিনা-পাটগ্রাম-হাতীবান্ধা-তুষভা-ার হয়ে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে শেষ হয়েছে। সড়কটি দিয়ে লালমনিরহাট থেকে প্রতিদিন রংপুর শহরে আসা-যাওয়া করেন ৩০ থেকে ৪০ হাজার মানুষ। ভারী যান চলাচলের কারণে গত বছর সড়কটির বিভিন্ন স্থানে ধসে যায়।

২০২৩-২৪ অর্থবছরে সড়কটি মেরামত ও সংরক্ষণের জন্য প্রথম ধাপে সরকারিভাবে ৩ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৪৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার শিডিউল অনুযায়ী কাজ না করে লোকদেখানো কিছু কাজ করে বাকি টাকা মেরে দেওয়ার পাঁয়তারা চালায়। এ কারণে এলাকাবাসী সড়ক অবরোধ করে।

লিজু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যেখানে সরকার সড়কটি মেরামতের জন্য প্রচুর বরাদ্দ দিয়েছে, সেখানে তারা ঠিকমতো কাজ না করেই টাকা মেরে দেওয়ার পাঁয়তারা করছেন। ঠিকাদার কাজের জন্য বালু না কিনে রাতের আঁধারে তিস্তা নদী থেকে নি¤œমানের বালু তুলে এনে কাজ করছেন। সুষ্ঠু তদন্ত করে সড়কটির কাজ যাতে সঠিকভাবে করা হয়, সেজন্য আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি করছি।’

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে, এর অবশ্যই তদন্ত হবে। কয়েকটি ধাপে এই নির্মাণকাজ চলমান রয়েছে। আমাদের কর্মকর্তারা কাজের তদারকিও করছেন।’

গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, এলাকাবাসী জমায়েত হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পরে পুলিশ পাঠানো হলে তারা সড়ক থেকে সরে যান এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।