বিচার বিভাগ নিয়ে কটূক্তির অভিযোগে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সকালে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হন তিনি। হাইকোর্ট এ সময় নূরের উদ্দেশে (আইনজীবীকে) বলেন, ‘এমন কিছু বলবেন না (বিচার বিভাগ নিয়ে) যাতে জনগণ বিভ্রান্ত হয়।’ এসময় আদালত আরও বলেন, ‘এভাবে বললে বিচার বিভাগ ভেঙে পড়বে।’
শুনানি শেষে নূরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। আদালতে নূরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে এক জনসভায় বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নূর। বিষয়টি নিয়ে হাইকোর্ট ১৭ ডিসেম্বর স্বপ্রণোদিত আদেশে নূরকে ১৭ জানুয়ারি (আজ) হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করে।