নিজে নিজেই কোনও রকম সাহায্য ছাড়াই টিশার্ট ভাঁজ করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের সংস্থা টেলসার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন ইলন মাস্ক। যেখানে দেখা যাচ্ছে যে একটি বক্স থেকে কালো রঙের টিশার্ট বের করে তা ভাঁজ করে দিচ্ছে ‘অপ্টিমাস’ নামক রোবট। খবর এনডিটিভি।
২০২২ সালে প্রথম হিউম্যানয়েড রোবটটি প্রকাশ্যে আনে টেসলা। এবার অপটিমাসের সর্বশেষ মডেল প্রকাশ করেছেন তিনি। যেটি একা একাই শার্ট গুছিয়ে রাখতে সক্ষম।
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ইচ্ছা এক জন মানুষ যা যা করতে পারে এমন সব কাজ নিজে নিজেই করবে এই রোবট। আর তাই ভবিষ্যতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে হিউম্যানয়েড রোবট তৈরি করার ভাবনা রয়েছে মাস্কের।
মাস্ক জানিয়েছেন, ‘মূলত মানুষের জন্য যে সব কাজ একঘেয়ে, বিরক্তিকর এবং বিপজ্জনক, সেই কাজগুলি করাই হবে এই রোবটের মূল কাজ। বাড়িতে রান্না করা, ঘাস কাটা, বয়স্কদের দেখাশোনা করার মতো কাজগুলির ক্ষেত্রে মানুষের পরিশ্রম কমানোর জন্য এই রোবটের নকশা তৈরি করা হয়েছে।‘
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্কের এই ভিডিও দেখে নানারকম মন্তব্য করছেন মানুষ। অনেকেই প্রশ্ন করেছেন, এই ভিডিও আদৌ সত্যি কি না?
ভিডিওটি অনেকেই টেসলার উদ্ভাবনী হিউম্যানয়েড রোবটের কাজ দেখে মুগ্ধ হয়েছেন, আবার কেউ কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ হিসাবে প্রশংসা করেছে।
ভিডিওটি পোস্ট করার আধাঘণ্টার মধ্যেই মাস্ক আরেকটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘অপ্টিমাস এখনও সম্পূর্ণ একা একা এই কাজটি করতে পারে না, তবে শীঘ্রই সেই দিন আসবে, যেদিন রোবটের কাজটি করতে নির্দিষ্ট টেবিল বা বাক্সের প্রয়োজন পড়বে না, একের অধিক শার্ট ভাঁজ করতে পারবে সহজেই।’
এর আগে গত মাসে আরেকটি ভিডিও শেয়ার করেছিলেন ইলন মাস্ক, যেখানে হিউম্যানয়েড রোবটের কয়েকটি মডেলকে হাঁটা, নাচ এবং ডিম ভাজার মতো মানুষের কাজ করতে দেখা গেছে।