এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি হামজা

উদ্বারকারী জাহাজ হামজা পাটুরিয়া ফেরি ঘাটে এসে পৌঁছানোর তিন ঘণ্টা অতিবাহিত হলেও ফেরি উদ্বারে কোনো কাজ শুরু করতে পারেনি। দুপুর ১২টা ১০ মিনিটে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এসে পৌঁছায় হামজা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ‘রজনীগন্ধা’ ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দু্টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

ফেরির সহকারী চালক হুমায়ন আহমেদ (৩৯) নিখোঁজ রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

তবে স্থানীয়রা জানান, কোনো কর্তৃপক্ষ নয়, লোকাল ট্রলারে ও সাঁতরে তীরে উঠেছেন তারা। এদিকে বার বার ফেরি ডুবির ঘটনা ঘটলেও বিআইডব্লিউটিএ ও টিসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ট্রাক মালিক সোলাইমান হোসেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ফেরি ডুবলেও এখনও কোনো উদ্ধার তৎপরতা চোখে পড়ছে না। উদ্ধারকারী জাহাজ হামজা দুপুর ১২টায় আসলেও কাজ করতে পারছে না।

বিআইডব্লিউটিসি বলছে, সকালে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবেছে। কিন্তু বাল্কহেডটি এখন পর্যন্ত জব্দ করা যায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন,
নিখোঁজ হুমায়ন আহমেদকে উদ্ধারের কাজ চলছে। আমাদের ৩০ জনের টিম কাজ করছে।

নৌ পু্লিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ফেরি নিচের অংশ ছিদ্র হয়ে ফেরি ডুবে গেছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন,  এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে উদ্বার কাজ শেষ করা।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে এখনও কাজ শুরু করতে পারেনি। এ ঘটনার প্রকৃত ঘটনা জানার জন্য ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।