একটি কাভার্ডভ্যান উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডুবে যাওয়া ফেরি রজনিগন্ধা থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ৪টার দিকে উদ্ধার হওয়া মালবোঝাই কাভার্ডভ্যানটি ৫ নম্বর ঘাট পন্টুনে নিয়ে আসে উদ্বারকারী যাহাজ হামজা।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, নয়টি ট্রাক নিয়ে পদ্মায় ডুবে যায় রজনিগন্ধা নামে একটি ফেরি। সেখান থেকে মালবোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে ফেরি থেকে ২০ জনকে উদ্ধার করা গেলেও ফেরির সহকারী চালক হুমায়নকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।