ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার, পাকিস্তানের প্রত্যাহার

পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর ঘটনায় ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মুমতাজ জাহরা বেলুচ বলেন, ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন।

অপরদিকে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের সঙ্গে চলমান বা নির্ধারিত সমস্ত উচ্চ-পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে বলেও জানান মুমতাজ জাহরা বেলুচ।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে ইসলামাবাদ। এ নিয়ে উত্তেজনায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়।